
লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যাবতীয় বিরোধ কূটনৈতিক পন্থায় মিটিয়ে নিতে প্রস্তুত আছে ইসরায়েল। তবে যদি সেই প্রচেষ্টা ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামরিকভাবেই হিজবুল্লাহকে মোকাবিলা করবে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটি।
প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা অ্যামোস হোচস্টেইনের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘লেবাননের হিজবুল্লাহ’র সঙ্গে আমরা যাবতীয় বিরোধ কূটনৈতিক পন্থায় মিমাংসা করতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প পন্থা অবলম্বন করতেও আমরা প্রস্তুত।’
‘আমাদের মূল চাওয়া হলো ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় শান্তি স্থাপন এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে— এমন যাবতীয় শঙ্কার মূলোৎপাটন,’ বৈঠকে বলেন গ্যালান্ত।



