
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল বুধবার এডেন উপসাগরে একটি যুদ্ধজাহাজ থেকে এসব ড্রোন–ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে জাহাজবিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্নি থেকে সেটি ধ্বংস করা হয়। এর ঘণ্টাখানেকের মধ্যে একই যুদ্ধজাহাজ থেকে তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয় বলেও বিবৃতিতে জানায় সেন্ট্রাল কমান্ড। তবে ড্রোনগুলো সশস্ত্র ছিল, নাকি শুধু নজরদারির জন্য পরিচালিত হচ্ছিল, সেটা জানানো হয়নি।



