
একটা সাধারণ লেবুর দাম আর কত হতে পারে? আকারভেদে বড়জোর ২০ থেকে ৩০ টাকা। কিন্তু একটি লেবু যখন প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকায় (১ হাজার ৭৮০ মার্কিন ডলার) বিক্রি হয়, তখন তা রীতিমতো বিস্ময়কর মনে হতে পারে। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যে।
যুক্তরাজ্যের শর্পশায়ার শহরে ব্রিটেলস অকশনিয়ার্স নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান একটি লেবু নিলামে ওই দামে বিক্রি করেছে। তবে লেবুর দাম যতটা না বিস্ময় সৃষ্টি করেছে, তার চেয়ে বড় বিস্ময় ওই লেবুর বয়স। সেটি যে ২৮৫ বছরের পুরোনো! বাড়ির একটি পুরোনো আলমারির ড্রয়ারের কোনায় পড়ে ছিল লেবুটি।



